বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি


আমার নিজস্ব ব্লগে স্বাগতম । এটা শুধু আমার ব্লগ না , বরং আমি আমার সব প্রিয় জিনিস গুলোকে একত্রে বেঁধেছি এখানে। তাই এটা শুধু ব্লগেই সীমাবদ্ধ থাকেনি , হয়ে উঠেছে আমার ও আরো কয়েকটি অনলাইনের লিঙ্কগুলোর মিলন মেলা ।

মুলতঃ আমারব্লগে ও সামহ্যোয়ারইনব্লগে লিখেই শুরু তারপর আমার ব্লগে বড় একটা সময় কাটিয়েছি হাবিজাবি লিখে লিখে। সেখান থেকেই কিছু কিছু লেখা, আমরাবন্ধু তে লেখা কিছু লেখা এখানে সন্নিবেশিত করেছি।

লেখা লেখির জন্য যে মেধা দরকার, সেটা আমার নাই, তাই অকপটে স্বীকার করতেও সমস্যা নাই আমার। এই মেধাহীন লেখাগুলোকেই সাজিয়ে গুছিয়ে রাখার অপপ্রয়াস মাত্র।


মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

কথপোকথন

- কেন তুমি আমার পথ রোধ করে দাঁড়িয়ে আছো আমার চলার পথে ? নদীর বুকে জেগে উঠা বালুচর কে  নদী শুধায়। 
বালুচর নীরব থাকে ।

- আমাকে যেতে দাও মোহনায় । পদে পদে আটকে দিওনা আমায়। দেখো , সমুদ্র আমার অপেক্ষায় কেমন আছড়ে পড়ছে মোহনায় । আকুতি করে নদীর জল ।

দীর্ঘসময় নীরব থেকে বালুচর বলে উঠে -
- চেয়ে দেখ তোমার কষ্টের পলিমাটি ধারন করে করে আজ আমি বালুচর হয়েছি । আর আমাকেই আজ ভুলে যেতে চাইছো তুমি !!! তোমাকে তো আমি আটকে রাখিনি । আমাকে মুক্তি দাও , তুমি যাও তোমার ঠিকানায়। দেখ , আজ আমার বুকে জমেছে কষ্টের ঘাস, শরীরের বাসা বেঁধেছে অনিশ্চিয়তার সোনালী ডানার চিল । তবু নীরবে সব সয়ে যাই আমি ভালোবেসে ।

অভিমানী নদী একদিন তার চলার পথ বদলে ফেলে। বালুচরখানি কে পাশ কাটিয়ে ছুটে চলে আবার মোহনায় মিলবে বলে ।

ওদিকে দিনে দিনে নদীর কষ্টের পলিমাটি গ্রাস করে নিতে চায় তার অস্তিত্ব। হারিয়ে যেতে বসা শীর্ন হয়ে যাওয়া নদী ডাকে তাই বর্ষা দেবীকে। মিনতি করে ফেরত চায় তার সেই রুপ, যৌবন।

নদীর ডাকেই হয়তো একদিন বর্ষা দেবীর মায়া হয়, নেমে আসে মর্ত্যে। পরশ বুলিয়ে দিয়ে যায় কঠিন মাটিতে, দুঃসময়ের আস্তর পড়া গাছের পাতায়। নদীকে ফিরিয়ে দেয় তার রুপ , তার যৌবন।

আবার নদীর শরীর জুড়ে বইতে থাকে ভালোবাসার স্রোত । নবযৌবনের জোয়ারে নদী বয়ে চলে । কখনও বা রুদ্র মূর্তিতে রূপধারণ করে সে তার জল ছাপিয়ে দেয় জনপদ , ছড়িয়ে দেয় দুকুলে তার ভিতর জমে থাকা কষ্টের মত পলিমাটি ।

ঢেকে যায় বালুচরের কষ্ট, যৌবনা নদীর স্রোতের ধাক্কায় এক সময় ভেঙ্গে ভেঙ্গে পড়ে তার অস্তিত্ব। ভালোবেসে বিলীন হয়ে যায় সে নদীর স্রোতের সাথে ।

স্রোতের বুকে থেকে তবুও আজন্ম বালুচর ভালোবেসে যায় নদীকে ।

(প্রথম প্রকাশঃ আমরাবন্ধু । ঈষৎ সম্পাদিত) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন